রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে ‘অক্সিজেনের লাইনে লিকেজের’ কারণে চার মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে শিশুর পরিবার। মঙ্গলবার (২৩ জুন) বিকালে রাজধানীর শ্যামলী এলাকায় 'শ্যামলী বেবি কেয়ার' নামে একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ
মারা যাওয়া চার মাসের শিশুটির বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করছেন। তার অভিযোগ, সন্তানের চিকিৎসা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না।
চিকিৎসকের বক্তব্য
জানা গেছে, শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বরত চিকিৎসক বলেন, “বাচ্চাটির অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাকে ভেন্টিলেশনে দিই। এ সময় বাচ্চার বাবাকে ডেকে যখন কথা বলছিলাম তখন একটা বিকট শব্দ হয়। এরপর জানতে পারি অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। তখনই আমরা বাচ্চাটাকে এইচডিইউতে নিয়ে যাই। সেখানে থেকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিছু সময় পরে সে মারা যায়।”
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত ছিল। তার অবস্থা বিকাল থেকেই খারাপ হচ্ছিল। অক্সিজেন লাইনে লিকেজের সঙ্গে শিশু মৃত্যুর কোনো সম্পর্ক নেই।
পুলিশের বক্তব্য
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, “রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ দেন, তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।”
গ্যাস লিকেজের ঘটনায় হাসপাতালে থাকা আরও পাঁচ শিশুকে একই ভবনের উপরে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক।



