হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ১৬ শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশুর।
বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য
হামের উপসর্গে ঢাকায় ১০, রাজশাহীতে এক, সিলেটে এক, বরিশালে এক, ময়মনসিংহে দুই ও রংপুরে একজন মারা গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মার্চ থেকে মৃত্যুর সংখ্যা
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।
আক্রান্ত ও হাসপাতালে ভর্তির পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু বাড়ি ফিরেছে।
প্রতিবাদী পরিবেশনা ‘শিশুমর্গ’
হামে মারা যাওয়া শিশুদের স্মরণে প্রতিবাদী পরিবেশনা ‘শিশুমর্গ’ আয়োজন করেছে নাট্য সংগঠন প্রাচ্যনাট। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের প্রতীকী মরদেহ হাতে সংগঠনের সদস্যরা এই পরিবেশনা প্রদর্শন করেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



