জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রাম ও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের পরিচয়

নিহত শিশুরা হলো বেতেগা গ্রামের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন এবং গাজীর পাড়া গ্রামের সুজা আলীর দুই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলী।

মাদারগঞ্জের ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রামে ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে গর্তটিতে পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে ওই পানিতে পড়ে ডুবে যায় ইয়ামিন। কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা। দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জের ঘটনা

অন্যদিকে আজ সকাল সাড়ে সাতটার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামে নিজ বাড়িতে রান্না করছিলেন লামিয়া আক্তার। এ সময় তাঁর ছেলে মোহাম্মদ আলী বাড়ির আঙিনা থেকে ঘরের পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে বিলের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।