দুটি হাসপাতাল ঘুরে শয্যা না পেয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আনা হয় হামের উপসর্গ থাকা সাত মাস বয়সী ময়মুনাকে। সন্তানের কথা বলতে গিয়ে কাঁদছিলেন লক্ষ্মীপুর থেকে আসা এই মা।
২৪ ঘণ্টায় হামের পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে হামের উপসর্গে আরও দুই শিশু মারা গেছে। এই সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মৃত্যুর সংখ্যা ও অবস্থান
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, হামের উপসর্গে মৃত দুই শিশু সিলেটে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। একই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে আরও ৭৪ শিশু। হাম ও হামের উপসর্গে মোট ৪৫৩ শিশু মারা গেছে।
আক্রান্ত ও সুস্থতার তথ্য
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৬ হাজার ৫৭২ শিশুর শরীরে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ২৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ শিশু বাড়ি ফিরেছে।
গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



