নোয়াখালী জেলা কারাগারে হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন (৩৫) নামে এক হাজতি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৯ মে) বিকাল ৪টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অসুস্থতার বিবরণ
এর আগে দুপুর ২টায় তার বুকে ব্যথা উঠলে কারাগার কর্তৃপক্ষ তাকে ইসিজি করে হাসপাতালে নিয়ে যায়। মৃত হাজতি হুমায়ুন কবির নোয়াখালীর চাটখিল উপজেলার বগাদিয়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে।
গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ
কারাগার সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন গত ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশের কাছে গ্রেফতার হলে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার পর তার শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া যায়।
জেল সুপারের বক্তব্য
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজতি হুমায়ুন কবির শুক্রবার দুপুরে জুমার নামাজের আগ মুহূর্তে অসুস্থতা অনুভব করলে তাকে কারা মেডিকেলে ইসিজি করা হয়। ইসিজি রিপোর্টে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের সাথে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



