নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ১০০ টাকা ধার চাওয়া নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুনীল পাহানের (৪০) বাড়ি একই এলাকায়।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনীল পাহান অভিযুক্ত প্রসেনজিৎ কুমারের কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিলেন। দীর্ঘদিন পরও সেই টাকা ফেরত দেননি সুনীল। বৃহস্পতিবার রাতে তিনি প্রসেনজিতের বাড়িতে চোলাই মদ পান করতে যান। সেখানে দুজনে একসঙ্গে মদ পান করেন। বাড়ি ফেরার সময় প্রসেনজিৎ সুনীলের কাছে ধারের টাকা ফেরত চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রসেনজিৎ বাঁশ দিয়ে সুনীলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
মৃত্যু ও মামলা
খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, 'লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।' ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ কুমার পলাতক। তিনি মান্দা উপজেলার কালাচিতা গ্রামের বাসিন্দা এবং কাঁকসা গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।



