পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো ও আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে আলবেনিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যুবক ওমর ফারুক (২৬)। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই তিনি ফিরলেন নিজ বাড়িতে নিথর দেহে। বুধবার (২৪ জুন) সকালে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে দুপুর ২টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঘটনার বিবরণ
গত ২৪ মে আলবেনিয়ার সিহাডসিটি এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন ওমর ফারুক। তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের মৃত মো. মালু মিয়ার ছোট ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং ভবিষ্যৎ গড়ার আশায় আলবেনিয়ায় যান ওমর ফারুক। সেখানে তিনি এনসিপি কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
ওমর ফারুকের বড় ভাই আবু ছিদ্দিক জানান, গত ২৪ মে রোববার সকালে রুমে ঘুমিয়ে থাকা অবস্থায় বাবুর্চি রান্না করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর রুমে থাকা অন্যরা দ্রুত বের হয়ে যেতে সক্ষম হলেও ঘুমিয়ে থাকায় ওমর ফারুক বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শোক ও দাফন
চার ভাই ও দুই বোনের মধ্যে ওমর ফারুক ছিলেন সবার ছোট এবং পরিবারের অন্যতম ভরসাস্থল। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ। আবু ছিদ্দিক আরও বলেন, “আমাদের সবার আদরের ছোট ভাই আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হওয়ার এক মাস পর আজ তার লাশ বাড়িতে আসার পর জানাজা শেষে দাফন করা হয়েছে।”



