ময়মনসিংহে হামে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২২
ময়মনসিংহে হামে আরও ২ শিশুর মৃত্যু, মৃত ২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ওয়ার্ডে মোট ২২ শিশুর মৃত্যু হলো। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ শিশু ভর্তি হয়েছে।

নতুন মৃত্যুর বিবরণ

শুক্রবার (১ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাসের একটি শিশুকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১০টায় শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে মারা যায়।

এছাড়া বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুরের ইসলামপুর থেকে ৫ মাসের আরেকটি শিশুকে ভর্তি করা হয়। এই শিশুটিও হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে একই দিন সকাল ১০টার দিকে মারা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামগ্রিক পরিস্থিতি

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯১১ শিশু। মৃত্যু হয়েছে ২২ শিশুর।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দু’জন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। তবে মার্চের মাঝামাঝি থেকে ভর্তির সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ