পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার বিবরণ
এর আগে শুক্রবার দিবাগত রাতে মঠবাড়িয়া পৌরসভার মাতুব্বর বাড়ি সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়া অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।



