দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গসহ মোট ২০৯ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ শিশু। শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে এই মৃত্যুগুলো ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে—৫ শিশু। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে নতুন করে ১ হাজার ৫৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৬০৭ শিশুর মধ্যে এ ধরনের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ২০ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৭ হাজার ৮১ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া এ সময়ের মধ্যে ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলেও জানানো হয়।



