আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: আইনি ব্যবস্থা নিতে বৈঠক
আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: আইনি ব্যবস্থা নিতে বৈঠক

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনগত পদক্ষেপ নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে অংশ নিয়ে ঘটনায় জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকের পর অ্যাটর্নি জেনারেলের বক্তব্য

সোমবার (১ জুন) বৈঠক শেষে তিনি বলেন, ঘটনাটি আইনগতভাবে একটি সম্ভাব্য ফৌজদারি অপরাধের বিষয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক অবহেলার অভিযোগ রয়েছে। তবে এই ঘটনায় দায়িত্বরত ডাক্তার, নার্স কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঠিক কতটুকু দায় ছিল, তা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই নির্ধারিত হবে।

মামলা ও তদন্ত প্রক্রিয়া

অ্যাটর্নি জেনারেল জানান, ইতোমধ্যে একজন অভিভাবক এই ঘটনায় মামলা দায়ের করেছেন। তদন্তে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 'এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। বাংলাদেশে এর আগে এমন ঘটনা ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুহুল কুদ্দুস কাজল আরও জানান, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, আগামী ৩ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

আইনি পরামর্শ ও ভবিষ্যৎ প্রত্যাশা

তিনি বলেন, তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলে যাতে আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে দায় এড়াতে না পারে, সে বিষয়ে আইনগত পরামর্শ দেবেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বৈঠকে অংশ নেওয়ার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, 'বিশ্বাস করি, প্রকৃত দায়ী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেটিই আমাদের প্রত্যাশা।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ