গরমের তীব্রতা কিছুতেই কমছে না। টানা কয়েক দিনের দাবদাহে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস
শনিবার (২৫ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা
শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপপ্রবাহের অবস্থা
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেণী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।



