প্রথম আলো ট্রাস্টের বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৭১তম আসর ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে অনুষ্ঠিত হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
অভিভাবকের ভূমিকা: শাসক নয়, বন্ধু
সভায় ডা. মোহিত কামাল বলেন, ‘বয়ঃসন্ধি বা তার পরবর্তী সময়ে সন্তানরা যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন মা-বাবার ভূমিকা কেবল শাসনকর্তা নয়, বরং একজন সহমর্মী বন্ধুর হওয়া প্রয়োজন। সন্তানের মনে এই বিশ্বাস জন্মানো দরকার যে, পরিস্থিতি যাই হোক না কেন—পরিবারই তার সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা। এই বোধটাই তাকে একাকিত্ব ও বিষণ্নতা থেকে রক্ষা করে।’
সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা
ডা. কামাল আরও বলেন, ‘সন্তানের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করতে হবে। যেমন, কোনো একটি সমস্যা আপনি সমাধান করে না দিয়ে, তাকে জিজ্ঞেস করতে পারেন, “তোমার কী মনে হয়, এই পরিস্থিতি থেকে আমরা কীভাবে বের হতে পারি?” তখন সে এটা নিয়ে ভাববে। যার ফলে তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মপ্রত্যয় তৈরি হবে।’
উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্ট নিয়মিতভাবে মাদকবিরোধী সচেতনতা ও পরামর্শমূলক এই সভার আয়োজন করে আসছে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষেও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।



