অবসেসিভ লাভ ডিজঅর্ডার: প্রিয় মানুষটির প্রতি অস্বাভাবিক আসক্তি ও নিয়ন্ত্রণের মানসিক সমস্যা
অবসেসিভ লাভ ডিজঅর্ডার: অস্বাভাবিক আসক্তির মানসিক সমস্যা

অবসেসিভ লাভ ডিজঅর্ডার: প্রিয় মানুষটির প্রতি অস্বাভাবিক আসক্তি ও নিয়ন্ত্রণের মানসিক সমস্যা

অবসেসিভ লাভ ডিজঅর্ডার হলো একটি মারাত্মক মানসিক অবস্থা, যেখানে একজন ব্যক্তি তাঁর প্রিয় মানুষটির প্রতি অস্বাভাবিক মাত্রায় আসক্ত হয়ে পড়েন। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি সব সময় সেই ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান এবং মনে করেন, তাঁকে ছাড়া জীবন অসম্ভব। সঙ্গীকে অনেক সময় তিনি নিজের ‘ব্যক্তিগত সম্পদ’ হিসেবে বিবেচনা করেন, ফলে ভালোবাসার জায়গায় তৈরি হয় ভয়, সন্দেহ ও অধিকারবোধ।

অবসেসিভ লাভ ডিজঅর্ডারের লক্ষণগুলো

এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির আচরণে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়, যা সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • অতিরিক্ত নজরদারি: প্রিয় মানুষটির প্রতি অতিরিক্ত নজরদারি করা, সব সময় জানতে চাওয়া তিনি কোথায়, কার সঙ্গে আছেন। বারবার ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় খোঁজ নেওয়া।
  • সামাজিক মাধ্যমের নজরদারি: সঙ্গী সামাজিক যোগাযোগমাধ্যমে কী করেন, কার পোস্টে ‘লাইক’, লাভ দেন, কী মন্তব্য করেন, কী সার্চ দেন, এসবে নজরদারি রাখা।
  • ঈর্ষা বা রাগ: অন্য কারও সঙ্গে কথা বললেও ঈর্ষা বা রাগ হওয়া, যেখানে সঙ্গীর অনুভূতি খুব কমই প্রাধান্য পায়।
  • সম্পর্ক ভেঙে যাওয়ার অযৌক্তিক ভয়: সব সময় সম্পর্ক নিয়ে একটা ‘ইনসিকিউরিটি’তে ভোগা এবং অবাস্তব কল্পনা করে হতাশ হয়ে যাওয়া।
  • অস্বাভাবিক রাগ: সঙ্গীর ওপর অস্বাভাবিক রেগে যাওয়া, রাগ করে উল্টাপাল্টা আচরণ করা।
  • অতিরিক্ত প্রত্যাশা: অপরপক্ষের কাছ থেকে অতিরিক্ত, অবাস্তব, অবাঞ্ছিত প্রত্যাশা রাখা।
  • নিজের উন্নয়নের চেয়ে সঙ্গীকে গুরুত্ব: নিজের স্বাভাবিকতা, আত্ম উন্নয়নের চেয়ে সঙ্গীর প্রতি অনুভূতিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, যেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান আর আস্থার চেয়ে নিরাপত্তাহীনতা থেকে উদ্ভূত অবিশ্বাস আর নিয়ন্ত্রণ করার চেষ্টাই মুখ্য।
  • ট্রমা বন্ডিং: সঙ্গীর কাছ থেকে প্রতিনিয়ত কষ্ট পাওয়া, শারীরিক ও মানসিক আঘাত বা সঙ্গীর অন্য কোথাও সম্পর্ক থাকার পরও সেই টক্সিক সম্পর্ক থেকে বের হতে না পারা।
  • ক্ষতি করার প্রবণতা: সঙ্গী যদি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ান, তাহলে সেই ব্যক্তির ক্ষতি করা।
  • সেলফ হার্ম: সঙ্গীর কোনো বিষয় মেনে নিতে না পারলে হাত কাটা, ঘুমের ওষুধ খাওয়ার মতো ‘সেলফ হার্ম’ করতে পারেন।
  • প্রত্যাখ্যান মেনে না নেওয়া: প্রত্যাখ্যানে নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক আচরণ করা, নেশাগ্রস্ত হয়ে পড়া বা সঙ্গীর প্রত্যাখ্যানে অপরপক্ষ আত্মহত্যা পর্যন্ত করতে পারেন। এমনকি সঙ্গীর বড় ক্ষতিও করতে পারেন, যেমন সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ছবি, তথ্য বা ভিডিও ফাঁস বা সঙ্গীকে শারীরিকভাবে হেনস্তা করা।

অবসেসিভ লাভ ডিজঅর্ডারের কারণসমূহ

অবসেসিভ লাভ ডিজঅর্ডারকে সহজ করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এটি খুবই জটিল ও মারাত্মক মানসিক অবস্থা। মনোবিজ্ঞানীদের মতে, এমন আচরণের পেছনে ভূমিকা রাখতে পারে নিম্নলিখিত কারণগুলো:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  1. শৈশবের মানসিক আঘাত, যা পরবর্তী জীবনে সম্পর্কের উপর প্রভাব ফেলে।
  2. ছোটবেলায় অতিরিক্ত শাসন বা নিয়ন্ত্রণমূলক পরিবেশে বেড়ে ওঠা।
  3. মা–বাবা বা পরিবারের সঙ্গে অর্থপূর্ণ গভীর সম্পর্ক না থাকা, যা নিরাপত্তাহীনতা তৈরি করে।
  4. আত্মবিশ্বাসের অভাব এবং একাকিত্ব বা অতিরিক্ত নিরাপত্তাহীনতা।
  5. অনেক সময় এটি অন্য মানসিক সমস্যার সঙ্গেও যুক্ত থাকতে পারে, যেমন উদ্বেগ বা বিষণ্নতা।

পপ কালচারের বিভিন্ন উপাদানে, বিশেষ করে সিনেমায় এ ধরনের পুরুষ চরিত্রকে ‘আলফা মেন’ ক্যাটাগরিতে ফেলে মূল চরিত্র হিসেবে দেখানো হয়। বড় পর্দার ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রগুলো মাঝেমধ্যে ওএলডিতে আক্রান্ত থাকে, যা সমাজে অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া ফেলতে পারে এবং এই সমস্যাকে স্বাভাবিক করে তুলতে পারে।

অবসেসিভ লাভ ডিজঅর্ডারের সমাধান

অবসেসিভ ভালোবাসা কখনোই সুস্থ সম্পর্কের লক্ষণ নয়, তাই সম্পর্কের মধ্যে যদি অতিরিক্ত নিয়ন্ত্রণ বা সন্দেহ দেখা যায়, তবে তা মোকাবিলা করা জরুরি।

  • খোলামেলা আলোচনা: সম্পর্কের সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত, যাতে উভয় পক্ষের অনুভূতি প্রকাশের সুযোগ থাকে।
  • মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা: প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সহায়তা নিতে হবে, যারা পেশাদারভাবে এই জটিলতা সমাধানে সাহায্য করতে পারেন।
  • ভালোবাসার মূল ভিত্তি: ভালোবাসার মূল ভিত্তি হলো আস্থা, ব্যক্তিস্বাধীনতা ও পারস্পরিক সম্মান। যখন এই তিনটি শর্ত বজায় থাকে, তখনই সম্পর্ক হয় সত্যিকারের সুন্দর ও স্বাস্থ্যকর।

মনের যেকোনো অনুভূতি কেবল সুন্দরভাবে প্রকাশের মাধ্যমেই মনের অনেক জটিলতা ছাড়ানো সম্ভব হয়। মনের গভীরের কোনো আঘাত কেবল প্রকাশের মাধ্যমেই সেরে উঠতে পারে, তাই এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সহানুভূতি ও সমর্থন প্রদান করা গুরুত্বপূর্ণ।