সকালের ভুল অভ্যাস ত্যাগ করুন: দিনের শুরু যেভাবে হবে আরও উৎপাদনশীল
সকালের ভুল অভ্যাস ত্যাগ করুন: উৎপাদনশীল দিনের শুরু

সকালের ভুল অভ্যাস ত্যাগ করুন: দিনের শুরু যেভাবে হবে আরও উৎপাদনশীল

আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠেই মুঠোফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করি, তাড়াহুড়া করে নাশতা সারি এবং অফিস বা ক্লাসের চিন্তায় মগ্ন হই। দিন শুরু হওয়ার আগেই মাথায় অদৃশ্য দৌড় শুরু হয়, যা গবেষণা অনুযায়ী সকাল ৯টার মধ্যেই মানসিক শক্তির বড় অংশ নিঃশেষ করে দেয়। ফলে দিনের বাকি সময় ক্লান্তিতে কাটে। চলুন, জেনে নিই সকালের কোন পাঁচটি অভ্যাস ত্যাগ করে উৎপাদনশীলতা বাড়ানো যায়।

১. মুঠোফোনের ‘ডোপামিন বুফে’ এড়িয়ে চলুন

সকালে ঘুম থেকে উঠেই মুঠোফোন দেখা একটি সাধারণ অভ্যাস, কিন্তু এটি মস্তিষ্কের স্বাভাবিক জাগরণ প্রক্রিয়াকে ব্যাহত করে। ঘুমের পর মস্তিষ্ক আলফা তরঙ্গে প্রবেশ করে, যা শান্ত ও সৃজনশীল অবস্থা। ফোনের নোটিফিকেশন, খবর ও সামাজিক মাধ্যমের লাইক-কমেন্ট একসঙ্গে ‘ডোপামিন বুফে’ তৈরি করে, মস্তিষ্ককে হাই-বেটা অবস্থায় নিয়ে যায়—যা চাপ ও উদ্বেগের সাথে যুক্ত। গবেষণায় দেখা গেছে, এতে আইকিউ সাময়িকভাবে কমে, মনোযোগের শক্তি হ্রাস পায়। তাই দিনের প্রথম এক ঘণ্টা ফোন ও সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা উচিত, যাকে ‘৬০ মিনিট বাফার’ বলা হয়।

২. ঘুম থেকে উঠেই কফি খাওয়া বন্ধ করুন

অনেকের সকাল শুরু হয় কফি দিয়ে, কিন্তু ঘুম থেকে উঠেই কফি খাওয়া শরীরের প্রাকৃতিক জাগরণ প্রক্রিয়াকে ব্যাহত করে। সকালে কর্টিসল হরমোন নিঃসৃত হয়, যা অ্যালার্টনেস বাড়ায়। ক্যাফেইন এই প্রক্রিয়ার সাথে সংঘর্ষ তৈরি করে, অ্যাডেনোসিনের কাজ বন্ধ করে দেয়, ফলে ক্লান্তি চাপা পড়ে এবং পরে সুগার ক্র্যাশ হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘুম থেকে ওঠার ৬০-৯০ মিনিট পর কফি খাওয়া ভালো, যাতে শক্তি ধীরে ধীরে বাড়ে এবং দুপুরে হঠাৎ ক্লান্তি না আসে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. সকালের শুরুতেই কঠিন কাজ না করা

‘ইট দ্য ফ্রগ’ ধারণা অনুযায়ী, দিনের শুরুতে কঠিন কাজ শেষ করলে বাকি দিন সহজ হয়, কিন্তু মস্তিষ্কের কার্যক্রম ভিন্ন। সকালের প্রথম সময় সৃজনশীল চিন্তা ও পরিকল্পনার জন্য উপযোগী, বিশ্লেষণধর্মী কাজের জন্য নয়। কঠিন কাজ দিয়ে দিন শুরু করলে ‘কগনিটিভ ফ্রিকশন’ তৈরি হয়, মন দ্রুত ক্লান্ত হয়। তাই দিনের প্রথম ২০-৩০ মিনিট ধীরে শুরু করে ধ্যান, লেখালেখি বা পরিকল্পনা করা উচিত।

৪. স্নুজ বাটন চাপা থেকে বিরত থাকুন

অ্যালার্ম বাজলে স্নুজ বাটন চেপে আরও ৫-১০ মিনিট ঘুমানো একটি ক্ষতিকর অভ্যাস। এটি নতুন ঘুমের চক্র শুরু করে, যা অসম্পূর্ণ থেকে যায়, ফলে ‘স্লিপ ইনর্শিয়া’ বা নিদ্রাজড়তা দেখা দেয়। এতে মাথা ঝাপসা ভাব, সিদ্ধান্ত নিতে দেরি এবং কাজের গতি কমে যায়, যা কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। ‘ওয়ান-টাচ রুল’ মেনে অ্যালার্ম বাজলেই উঠে পড়া উচিত, যা স্থির ও সতেজ দিনের শুরু নিশ্চিত করে।

৫. তরল চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট এড়িয়ে চলুন

সকালে ব্রেড টোস্ট, সিরিয়াল বা কমলার জুস খাওয়া সাধারণ, কিন্তু খালি পেটে এগুলো ‘ব্রেন ফগ’ তৈরি করতে পারে। পরিশোধিত কার্বোহাইড্রেট ও তরল চিনি রক্তে গ্লুকোজের দ্রুত উত্থান-পতন ঘটায়, সুগার ক্র্যাশ হলে কর্টিসল ও অ্যাড্রেনালিন নিঃসরণ বাড়ে, ফলে বিরক্তি ও মাথা ঝাপসা হয়। প্রোটিন ও ভালো ফ্যাটসমৃদ্ধ খাবার, যেমন ডিম ও অ্যাভোকাডো, রক্তে শর্করা স্থিতিশীল রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

সকালে তাড়াহুড়া না করে মস্তিষ্ককে সঠিকভাবে জাগিয়ে তোলাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই অভ্যাসগুলো পরিবর্তন করে আপনি আরও উৎপাদনশীল ও সৃজনশীল দিন শুরু করতে পারবেন।