মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়ার সময়: কখন বুঝবেন এবং কী করবেন
মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন বুঝতে পারাটা নিজের সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কিছু সাধারণ লক্ষণ বা আচরণের পরিবর্তন দেখে বোঝা যায় যে— কখন মানসিক সহায়তা বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং দেরি না করে, সহায়তা নেওয়ার অভ্যাস করা উচিত।
আবেগ ও অনুভূতির পরিবর্তন লক্ষ্য করুন
আপনি কি আবেগ ও অনুভূতির পরিবর্তন লক্ষ্য করছেন? দীর্ঘস্থায়ী বিষণ্ণতা এর প্রধান লক্ষণ। টানা দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে মন খারাপ থাকা, হতাশা বা শূন্যতা অনুভব করা। কিংবা অতিরিক্ত উদ্বেগ বা ভয় অনুভব করলে বা প্যানিক অ্যাটাক হলে অবশ্যই চিকিৎসা সহায়তা নেওয়া দরকার। খেয়াল করবেন মেজাজের তীব্র ওঠানামা ঘটছে কিনা। হঠাৎ করে অতিরিক্ত রেগে যাওয়া, খিটখিটে হয়ে পড়া বা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারাও এর কারণ হতে পারে।
দৈনন্দিন জীবনে প্রভাবিত হওয়া
একটু নিজের প্রতি যত্নবান হতে হবে। নিজের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তনগুলো সবার আগে আপনি নিজে বুঝতে পারবেন। খেয়াল করুন, আপনার দৈনন্দিন জীবনে প্রভাবিত হচ্ছে কিনা। এসব ক্ষেত্রে স্বাভাবিক কাজে অনীহা দেখা যায়। প্রতিদিনের সাধারণ কাজগুলো (যেমন: বিছানা থেকে ওঠা, নিজের যত্ন নেওয়া, বা কাজে যাওয়া) করতে অনেক বেশি কষ্ট বোধ করেন কিনা খেয়াল করুন।
শারীরিক পরিবর্তনগুলো ঘটে
- ঘুমের সমস্যা: রাতে একেবারেই ঘুম না হওয়া (ইনসোমনিয়া), বারবার ঘুম ভেঙে যাওয়া, বা সারাদিন অতিরিক্ত ঘুমানো।
- খাদ্যাভ্যাসে পরিবর্তন: হঠাৎ করে ক্ষুধা অনেক বেড়ে যাওয়া বা একেবারেই কমে যাওয়া, যার ফলে ওজনে বড় ধরনের পরিবর্তন আসা।
- অকারণে শারীরিক ক্লান্তি: কোনও শারীরিক অসুস্থতা ছাড়াই সবসময় মাথাব্যথা, পেটব্যথা বা শরীরে চরম ক্লান্তি বোধ হওয়া।
চরম মাত্রার লক্ষণ (জরুরি সহায়তা প্রয়োজন)
যখন নিজের ক্ষতি করার চিন্তা মাথায় আসতে থাকে তখন সেটা চরম মাত্রার লক্ষণ। নিজের ক্ষতি করার, আত্মহত্যার চিন্তা আসা, অথবা জীবন অর্থহীন মনে হওয়ার মতো বিষয়গুলো ঘুরে ফিরে আসে। এমন কিছু মনে হলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি।
মানসিক সমস্যা কোনও দুর্বলতা নয়, বরং শারীরিক অসুস্থতার মতোই এরও চিকিৎসা ও যত্ন প্রয়োজন।



