নান্দাইলে নারীস্বাস্থ্য ও অধিকার কার্যক্রম পরিদর্শন করল ফ্রান্স দূতাবাস
নান্দাইলে নারীস্বাস্থ্য ও অধিকার কার্যক্রমে ফ্রান্স দূতাবাস

ময়মনসিংহের নান্দাইলে নারীর স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও অধিকার রক্ষায় চলমান কার্যক্রম পরিদর্শন করেছে ফ্রান্স দূতাবাসের একটি প্রতিনিধিদল। গতকাল রোববার উপজেলার রাজগাতি ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইয়ুথ প্ল্যানেট’-এর আয়োজনে কিশোরী ও নারীদের এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডরিক ইনজা। তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড কো-অপারেশন অ্যাটাশে এমিলি পালাহুয়ান।

ফ্রান্সের অঙ্গীকার

ফ্রেডরিক ইনজা বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, লিঙ্গসমতা এবং নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় ফ্রান্স দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। ইয়ুথ প্ল্যানেটের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গ্রামীণ পর্যায়ে মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক জড়তা ভেঙে সচেতনতা বাড়ানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

পরিদর্শন ও সনদ বিতরণ

পরিদর্শনকালে অতিথিরা ইয়ুথ প্ল্যানেট পরিচালিত ‘এসআরএইচআর অ্যাডোলেসেন্ট স্কুল’ ঘুরে দেখেন এবং মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন। এ সময় প্রশিক্ষণ সম্পন্নকারী ২৪০ নারীর মধ্যে সনদ বিতরণ করা হয়। সংস্থাটির এ উদ্যোগে ৭০০ নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইয়ুথ প্ল্যানেটের কার্যক্রম

আয়োজকেরা জানান, ইয়ুথ প্ল্যানেট একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান, যা যুব উন্নয়ন, বয়ঃসন্ধিকালীন শিক্ষা, মাসিক স্বাস্থ্য সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে কাজ করছে। কিশোরী ও নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্যানিটারি পণ্য ব্যবহারে উৎসাহ এবং শিক্ষকদের সক্ষমতা বাড়িয়ে টেকসই পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খন্দকার ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে ইয়ুথ প্ল্যানেটের সহকারী পরিচালক প্রিয়া, দরিল্লা গয়েশপুর আবদুল হামিদ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাদেক, সহকারী শিক্ষক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ফরাসি দূতাবাসের প্রতিনিধিদের হাতে স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে স্মারক এবং ইয়ুথ প্ল্যানেটের পক্ষ থেকে কৃতজ্ঞতাপত্র তুলে দেওয়া হয়।

ইয়ুথ প্ল্যানেটের নির্বাহী পরিচালক এ বি এম মাহমুদুল হাসান বলেন, ফরাসি দূতাবাসের এ সফর স্থানীয় কমিউনিটির জন্য অনুপ্রেরণাদায়ক এবং কিশোরী ও নারীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে জানানো হয়, ফ্রান্স দূতাবাসের অর্থায়নে নেত্রকোনার কেন্দুয়ায় ‘মাসিক স্বাস্থ্যবিধি সুনিশ্চিতকরণ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন।