আপনার কি খুব ক্লান্ত লাগে? শরীর দুর্বল মনে হয়? হাঁটাচলার সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়? বুক ধরফর করে? বা হাত-পা ঠান্ডা হয়ে থাকে? এই সমস্যাগুলো শরীরে আয়রনের অভাবে রক্তশূন্যতার কারণে হতে পারে। অনেকেই এই সমস্যায় ভোগেন কিন্তু বুঝতে পারেন না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি খুবই সাধারণ, কারণ প্রতি মাসে মাসিকের রক্তের সঙ্গে আয়রন বের হয়ে যায়। যাদের মাসিকের সময় বেশি রক্তপাত হয়, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা আরও বেশি।
রক্তশূন্যতার সাধারণ লক্ষণসমূহ
অতিরিক্ত ক্লান্তি বা দুর্বল লাগা যে রক্তশূন্যতার কারণে হতে পারে, তা অনেকেরই জানা নেই। অনেকে মনে করেন, তাদের শরীর প্রকৃতিগতভাবেই দুর্বল, ফলে আয়রনের অভাবে রক্তশূন্যতা ধরা পড়ে না এবং চিকিৎসাও হয় না। মাসের পর মাস, বছরের পর বছর এই রোগ শরীরে বাসা বেধে থাকে। এমন চলতে থাকলে শরীরে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া: বারবার জ্বর-কাশি, প্রস্রাবের রাস্তার ইনফেকশনসহ বিভিন্ন সংক্রমণ হতে পারে।
- হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা: দীর্ঘমেয়াদি রক্তশূন্যতা হার্ট ও ফুসফুসের সমস্যা তৈরি করতে পারে।
- গর্ভাবস্থায় জটিলতা: এই রোগ নিয়ে গর্ভধারণ করলে গর্ভের শিশুর নানা সমস্যা, অকাল প্রসব, জন্মের সময় শিশুর ওজন কম হতে পারে।
- চুল পড়া: আয়রনের অভাবে অনেকের চুল অতিরিক্ত ঝরে যেতে পারে।
লক্ষণগুলো কী কী?
শরীরের শক্তি কম পাওয়া বা দুর্বল লাগা, বুক ধরফর করা, হাঁটাচলার সময় শ্বাসকষ্ট, চোখ-মুখ ফ্যাকাসে লাগা, মাথাব্যথা, মনোযোগের সমস্যা—এগুলো খুব সাধারণ লক্ষণ। এছাড়া আরও কিছু লক্ষণ দেখা যায়:
- রেসলেস লেগ সিনড্রোম: বিশেষ করে সন্ধ্যা বা রাতে পা কামড়ানো, শিরশির করা, পা নাড়ানোর ইচ্ছা।
- কানে ভোঁ ভোঁ শব্দ: কানে অস্বস্তিকর শব্দ শোনা।
- মুখের স্বাদ পরিবর্তন: জিভে ঘা, ঠোঁটের কোণায় ঘা।
- চুল পড়া: চুল ধোয়া বা আঁচড়ানোর সময় বেশি চুল ঝরা।
- গায়ে চুলকানি: ত্বকে চুলকানি অনুভব।
- অস্বাভাবিক খাদ্যাভ্যাস: মাটি, কাগজ, বরফ ইত্যাদি খাওয়ার ইচ্ছা।
- গিলতে কষ্ট: ঢোক গিলতে সমস্যা।
- নখের পরিবর্তন: নখ চামচের মতো দেবে যাওয়া।
যদি এই লক্ষণগুলোর কোনোটি আপনার থাকে, তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন।
চিকিৎসা ও প্রতিকার
সাধারণত ছয় মাসের চিকিৎসায় আয়রনের ঘাটতি পূরণ হয় এবং শরীরে পর্যাপ্ত আয়রন মজুদ হয়। কারো কারো আয়রন ট্যাবলেট খেলে পেটে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ভরা পেটে ট্যাবলেট খেলে এই সমস্যা কমে। আয়রন ট্যাবলেটের পাশাপাশি আয়রনসমৃদ্ধ খাবার খাওয়াও জরুরি। এমনকি আপনার যদি আয়রনের অভাব না-ও থাকে, তবুও এই খাবারগুলো নিয়মিত খাওয়া প্রয়োজন, কারণ মাসিকের সঙ্গে প্রতি মাসে কিছু আয়রন বের হয়ে যায়।
আয়রনসমৃদ্ধ খাবার
- কলিজা: বিশেষ করে গরুর কলিজা আয়রনের খুব ভালো উৎস। তবে গর্ভকালীন সময়ে কলিজা খাওয়া এড়িয়ে চলুন।
- মাংস: গরুর মাংস ও মুরগির মাংস থেকেও ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়। তবে গরুর মাংস পরিমাণমত খান।
- ডাল: মসুর ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল—ঘন করে ডাল খেলে বেশি আয়রন পাওয়া যায়।
- ডিম: সহজলভ্য এবং আয়রনের ভালো উৎস।
- শাক: পালং শাক, পুঁই শাক, লাল শাক, কচু শাক, ডাটা শাক, লাউ শাক, পাট শাক—বিভিন্ন শাক থেকে আয়রন পাওয়া যায়।
- ছোলা: আয়রনের ভালো উৎস।
- সবজি: মটরশুঁটি, ব্রকলি, খোসাসহ আলু, টমেটো—এগুলো থেকেও কিছু আয়রন পাওয়া যায়।
- বাদাম ও শুকনো ফল: কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ—এগুলোতেও আয়রন আছে।
তথ্যসূত্র: সহায় হেলথ। ডা. তাসনিম জারা



