দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবায় সমন্বিত কাজের নির্দেশ মন্ত্রীর
দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবায় সমন্বিত কাজের নির্দেশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের বাসিন্দাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জরুরি নির্দেশ দিয়েছেন।

টেলিফোনে আলাপকালে নির্দেশ

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তর থেকে বান্দরবানের সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মন্ত্রী এই নির্দেশ দেন। এ সময় তিনি হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের বর্তমান অবস্থা এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা

দীপেন দেওয়ান সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের সার্বক্ষণিক সেখানে অবস্থান করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যাতে সুচিকিৎসার অভাব বোধ না করে, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সচেতনতা ও প্রচারণার ওপর গুরুত্ব

মিয়ানমার সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের মধ্যে বিশেষ সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি থাকা রোগীদের বিশেষ সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান। পাশাপাশি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থেকে সাহস ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ মেডিকেল টিমের কার্যক্রম

উল্লেখ্য, ইতোমধ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিকেল টিম কুরুকপাতার দুর্গম এলাকায় অবস্থান করে আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। এই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেন মন্ত্রী।