ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত বৈঠক শেষে এই ঘোষণা দেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম।
আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাই আগামীকাল থেকে চলমান কর্মবিরতি ও আন্দোলন সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হলো বলে জানান ডা. নাবিল।
স্বাস্থ্য সচিবের বক্তব্য
এর আগে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা নবম গ্রেডের বেসিক বেতনের সমপরিমাণ অর্থাৎ ২২ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে ২০ হাজার টাকা। একই সঙ্গে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের কোনো ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভাতা বৃদ্ধি ও অন্যান্য সিদ্ধান্ত
সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। এফসিপিএস পার্ট-১ এবং এমডি-এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী মাসিক ভাতা পাবেন এবং তা নিয়মিত পরিশোধ করা হবে।
স্বাস্থ্য সুরক্ষা আইন ও বয়সসীমা
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
পরীক্ষার ফি ও বেতন কাঠামো
বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিক্যাল কলেজে এন্ট্রি-লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে।
প্রতিনিধি দল
বৈঠকে ১২ সদস্যের ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ঢামেকের আইডিএস সভাপতি ডা. মোস্তফা আমির ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম, এসএসএমসির আইডিএ সদস্য সচিব ডা. আল মেয়ান শেখ, এসএইচএসএমসির আইডিসি সমন্বয়ক ডা. মো. ফজলে এলাহী তরুন ও ডা. সাব্বির হোসাইন, মুমেকের আইডিএ সাধারণ সম্পাদক ডা. তানজিম মাহফুজ মজুমদার, খুমেকের আইডিএ সভাপতি ডা. আল আমিন, রামেকের আইডিএস সভাপতি ডা. তানভীর আহমেদ তৌকির, চমেকের আইডিএ সভাপতি ডা. সাকিব হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. জামান মোহাম্মদ নুরশাদ, এবং সিওমেকের আইডিএ সভাপতি ডা. মো. মিসবাহুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মুসফিকুল ইসলাম রাফিন।



