দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ও অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এই সিদ্ধান্তের ফলে দেশের সব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা ছুটি পাবেন না এবং তাদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হাম ও হামজনিত নিউমোনিয়ার সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় টিকাদানের হার কম থাকায় এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং প্রয়োজনীয় টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।



