হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২
হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ৩৭ শিশুর মৃত্যু হলো। আর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২৪ শিশুর।

মৃত শিশুদের পরিচয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু জিহাদ (২ বছর ৩ মাস) পটুয়াখালী জেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। অপর শিশু হচ্ছে হাবিব (৭ মাস)। সে ভোলার চরফ্যাশনের চরআইচা এলাকার বাসিন্দা।

হাসপাতালের তথ্য

মঙ্গলবার (১৯ মে) বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫২ জন এবং ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালক আরও জানান, গত পহেলা জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই হাজার ২৮৬ জন চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৮০ জন। চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি বলে দাবি করেন তিনি।

বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২০৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ২৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৩৫ জন। নিশ্চিত হাম রোগে মৃত্যুবরণ করেছে তিন জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ