দেশে হামের প্রাদুর্ভাব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, টিকা না দেওয়াই এই মৃত্যুর মূল কারণ। হাম ও এই রোগের উপসর্গ নিয়ে ইতোমধ্যে মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। সবশেষ ১০০ মৃত্যু হয়েছে মাত্র ১৯ দিনে।
মৃত্যুর হিসাব
স্বাস্থ্য অধিদফতর নিজেদের দৈনিক বুলেটিনে গত ১৫ মার্চ থেকে এ তথ্য প্রকাশ করছে। অধিদফতরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম ১০০ মৃত্যু হয়েছে ২৩ দিনে। দ্বিতীয় ১০০ মৃত্যু হয়েছে পরবর্তী ১৪ দিনে। আর তৃতীয় ১০০ মৃত্যু হয়েছে মাত্র ১৯ দিনে, যা মৃত্যুর হার দ্রুত বাড়ার ইঙ্গিত দেয়।
সর্বশেষ বুলেটিন
গতকাল সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর এটি গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ দৈনিক মৃত্যু। ১৫ মার্চ থেকে ৪ মে সকাল ৮টা পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১১ জনে।
উপসর্গে মৃত্যু বেশি
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হামের চেয়ে অনেক বেশি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে, যেখানে উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ জন।
রোগী ও হাসপাতাল
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মোট রোগী শনাক্ত হয়েছে ৪১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।



