চট্টগ্রামে আরও ১৩ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। এদের মধ্যে নগরীর ২৬৬ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ৫৫ জন শিশু। সোমবার (২৯ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
২৪ ঘণ্টায় ৫৫ শিশু হাসপাতালে ভর্তি
সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সুস্থ হওয়ায় ৬১ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন শিশু চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই নগরীর বাসিন্দা।
নমুনা পরীক্ষা ও টিকা কার্যক্রম
এ পর্যন্ত চট্টগ্রাম জেলা ও নগরী থেকে ১ হাজার ৭৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তবে এদিন কোনো নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়নি। জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'চট্টগ্রামে আরও ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ৪৬৭ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। শতভাগ টিকা দেওয়ার কারণে আশা করছি হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।'



