আশুলিয়া থানার শাকিল বাবু হত্যাচেষ্টা মামলায় মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে ২টি মামলা ছিল, যেগুলোতে তিনি জামিন পেয়েছিলেন।
আদালতের আদেশ
সোমবার (২৯ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে তাকে এ মামলায় পুনরায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে এসআই বিশ্বজিৎ দেবনাথ আসামিকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, মিষ্টি সুভাসের পক্ষে অ্যাডভোকেট গোলাম রাব্বানী গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন।
পূর্বের ঘটনা
এর আগে, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেফতার হন মিষ্টি সুভাস। এরপর তাকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে ওই দুই মামলায় জামিন পেয়ে গত ২৩ জুন জামিননামা জমা দেওয়া হয়।
পরদিন ২৪ জুন নতুন করে শাকিল বাবু হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম।
মামলার বিবরণ
মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৮ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন শাকিল বাবু নামে এক যুবক। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে একই বছরের ২৫ অগাস্ট আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।



