গোবিপ্রবির রজতজয়ন্তী উপলক্ষে বন্ধুসভার ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
গোবিপ্রবির রজতজয়ন্তী উপলক্ষে বন্ধুসভার ভার্চুয়াল আলোচনা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবস ও রজতজয়ন্তী উপলক্ষে গোবিপ্রবি বন্ধুসভা একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। ‘রজতজয়ন্তীতে গোবিপ্রবি: প্রাসঙ্গিক পর্যালোচনা’ শীর্ষক এই সভাটি ৮ জুলাই রাতে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার ২৫ বছরে উল্লেখযোগ্য অগ্রগতি

প্রতিষ্ঠার ২৫ বছরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। এছাড়া ৪৭তম বিসিএসে বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যা প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বক্তাদের বক্তব্য

সভায় অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত বিশ্বাস এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন গোবিপ্রবি বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য দুটি—শিক্ষা প্রদান এবং নতুন জ্ঞান সৃষ্টি বা গবেষণা। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণামুখী পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মান নির্ধারিত হয়, যার স্বীকৃতি ও মূল্যায়ন বহির্বিশ্বেও প্রতিফলিত হয়।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকাও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা বলেন, এসব সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগদক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তথ্যভান্ডার তৈরির আহ্বান

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩৪টি বিভাগ রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সব বিভাগের শিক্ষার্থীদের অর্জনের তথ্য সমন্বিতভাবে সংরক্ষণ করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা গেলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

ভবিষ্যৎ প্রত্যাশা

আলোচনা শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে গোবিপ্রবি থেকে আরও বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক বৃত্তি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ অর্জন করবেন। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গঠনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উজ্জ্বল অবস্থান তৈরি করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।