রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দেব চন্দ্র দাসকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিবরণ
সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাট উপজেলার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী সাত বছর বয়সি এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে দেব। পরে দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলা ও গ্রেফতার
এ ঘটনায় বুধবার বিকালেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় দেব চন্দ্র দাসকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে দেব চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।



