উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬–এর ফরম পূরণে আবারও সুযোগ দেওয়া হয়েছে। বিলম্ব ফি-সহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ২৫ জুন পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফরম পূরণের সর্বশেষ সময় ও পদ্ধতি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফি-সহ ফরম পূরণ এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ সময় ২৫ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
ফি নির্ধারণ ও বৃদ্ধি
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এই ফি দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি দিতে হবে।
২০২৫ সালে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ২২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে গত বছরের থেকে এইচএসসির ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা।



