সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে নতুন পদ্ধতি চালু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে নতুন পদ্ধতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য নতুন পদ্ধতি চালু করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বদলির কাজটি উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় কমিটির মাধ্যমে সম্পন্ন হবে।

জাতীয় কমিটির গঠন ও দায়িত্ব

জাতীয় কমিটির সভাপতি হবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব হবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব। এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা নেবে। যেসব বিদ্যালয়ে শিক্ষকেরা এর আগে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন, সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। এছাড়া আন্তবিভাগে বা আন্তসিটি করপোরেশনের ক্ষেত্রে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে কমিটির অনুমোদন সাপেক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন।

বিভাগীয় কমিটির কাঠামো

বিভাগীয় পর্যায়ের কমিটির সভাপতি হবেন বিভাগীয় কমিশনার। সদস্য হবেন বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা), দুজন গণ্যমান্য ব্যক্তি (সভাপতি মনোনীত) এবং সদস্যসচিব হবেন প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক। এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা নেবে এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবে। যেসব বিদ্যালয়ে শিক্ষকেরা আগে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন, সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। একই বিভাগের মধ্যে (সিটি করপোরেশন ব্যতীত) সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে বিভাগীয় কমিটির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেলা কমিটির ভূমিকা

জেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। সদস্য হবেন জেলা শিক্ষা কর্মকর্তা, দুজন গণ্যমান্য ব্যক্তি (সভাপতি মনোনীত) এবং সদস্যসচিব হবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করবে। বদলিতে যেসব বিদ্যালয়ে শিক্ষকেরা আগে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন, সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। একই জেলার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন।

উপজেলা বা থানা কমিটির কার্যক্রম

উপজেলা বা থানা পর্যায়ের কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদস্যরা হবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুজন গণ্যমান্য ব্যক্তি (সভাপতি মনোনীত) এবং সদস্যসচিব হবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে। যেসব বিদ্যালয়ে শিক্ষকেরা প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন, সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। একই উপজেলা বা থানার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে উপজেলা বা থানা কমিটির অনুমোদন সাপেক্ষে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন।