বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস গঠন
বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস

বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ইইউবি) ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ গঠন করে দিয়েছে সরকার। এ বিষয়ে ৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

বিরোধের কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত

প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ বিরোধের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত ও শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পরিলক্ষিত হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ গঠন করা হলো। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমতিক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বোর্ডের সদস্যরা

বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ মেজবাহ-উল-ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. ইলিয়াছ আল-মামুন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুরুল আলম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে রাষ্ট্রপতি নিয়োজিত উপাচার্য থাকলে তিনি পদাধিকারবলে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিয়োগের শর্ত ও মেয়াদ

প্রজ্ঞাপনে শর্তের অংশে বলা হয়, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের সভাপতি ও দুই সদস্যকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বোর্ড অব ট্রাস্টিজের ক্ষমতা ও দায়িত্ব পালন করবে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন

বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে পরামর্শক্রমে একটি নিয়মিত বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করে তা অনুমোদনের জন্য আচার্যের কাছে পাঠাবে। আচার্য তা অনুমোদন করলে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস বিলুপ্ত হবে।

অনিবার্য কারণে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস এক বছরের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করতে না পারলে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের মেয়াদ ছয় মাস বাড়াতে পারবেন আচার্য।

তদারকি ও প্রতিবেদন

বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস ইউজিসির চেয়ারম্যান বা তাঁর মনোনীত একজন সদস্যের সঙ্গে প্রতি তিন মাসে অন্তত একটি সভা করবে।

আচার্যের কাছে উপস্থাপনের জন্য বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস প্রতি তিন মাসে নিজেদের কাজের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন দেবে।