নোয়াখালী বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিশেষ পাঠচক্র ও আলোচনা সভা। ৮ মে রাত ১০টায় অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের সঞ্চালনা ও আলোচনা
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শান্ত চন্দ্র দের সঞ্চালনায় পাঠচক্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, মানবতাবোধ, সমাজচেতনা এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সঞ্চালক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’র কিছু অংশ পাঠ এবং কবিগুরুর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।
বক্তাদের মতামত
সাধারণ সম্পাদক সানি তামজীদ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন সর্বদিক থেকে শ্রেষ্ঠ কবি, যাঁর গান শ্রাদ্ধবাড়ি থেকে বিয়েবাড়ি—সবখানেই বাজানো যায়। সাহিত্যে তিনি যে পর্যায়ে আছেন, সেখানে আর কারও জায়গা করে নেওয়ার সাধ্য নেই। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ একজনই।’ পরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’ কবিতাটি আবৃত্তি করেন।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জয়শ্রী নাথ একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাতেমা কানিজ বলেন, ‘রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। তাঁর কবিতায় যেমন প্রেম, প্রকৃতি ও মানবতার কথা উঠে এসেছে, তেমনি সমাজের অসংগতি ও মানুষের দুঃখ-কষ্টও ফুটে উঠেছে।’
অন্যান্য অংশগ্রহণকারী
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ রাতুল হোসেন, সহসভাপতি মোহাম্মদ শিমুল, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, বন্ধু ফাতেকুর রহমানসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা



