পাবলিক পরীক্ষার উত্তরপত্র ভালোভাবে দেখার জন্য পরীক্ষক বাড়ানোর ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রীর এই মতের সঙ্গে একমত পোষণ করে বলা যায়, পরীক্ষকের সংখ্যা বাড়ানো জরুরি, তবে তারা যেন প্রশিক্ষণপ্রাপ্ত, যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ হন—সে বিষয়টি খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। একজন পরীক্ষকের নীতি-নৈতিকতা, যোগ্যতা-দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের ওপর অনেকাংশেই নির্ভর করে সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন।
উত্তরপত্র মূল্যায়নের গুরুত্ব ও চ্যালেঞ্জ
উত্তরপত্র মূল্যায়ন সঠিক না হলে শিক্ষার্থীরা বৈষম্য ও অবিচারের শিকার হয়, যা কোনোভাবেই নৈতিক বা যৌক্তিক নয়। পরীক্ষকের অযোগ্যতা, অমনোযোগিতা বা দায়িত্ব অবহেলার কারণে একজন মেধাবী শিক্ষার্থী কম নম্বর পেতে পারেন, আবার দুর্বল শিক্ষার্থী বেশি নম্বর পেয়ে যেতে পারেন। একই মানের উত্তর লেখার পরেও কোনো কোনো পরীক্ষার্থী তুলনামূলক কম বা বেশি নম্বর পান, যা তাদের যোগ্যতার তুলনায় ফলাফল খারাপ করে দেয়। এতে তারা চরমভাবে আশাহত হন, অনেক সুযোগ থেকে বঞ্চিত হন এবং বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েন। একজন শিক্ষার্থীর এমন ক্ষতির দায় কেউ এড়াতে পারে না।
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন অত্যন্ত দায়িত্বশীল কাজ, ন্যায়বিচারকের কাজ, বুদ্ধিবৃত্তিক ধৈর্যশীল কাজ। এটি শুধু অর্থ উপার্জনের কাজ নয়, বরং অর্থ ও পুণ্য উপার্জনের কাজ। কিন্তু প্রায়শই সমালোচনা শোনা যায় যে কোনো কোনো পরীক্ষক এ কাজে চরম দায়িত্ব অবহেলা করেন। উত্তরপত্র ভালোভাবে না পড়েই, না বুঝেই অন্ধের মতো নম্বর দেন, এমনকি খাতার পাতা গুনে নম্বর দেওয়ার কথাও শোনা যায়।
পরীক্ষকদের দায়িত্বহীনতার উদাহরণ
শিক্ষকতা জীবনে এমন অনেক শিক্ষক দেখা যায়, যারা উপস্থিতি ও সময়ানুবর্তিতায় তলানিতে, পাঠদানে গতিহীন ও প্রস্তুতিহীন, প্রশ্ন তৈরিতে নিজস্বতা প্রমাণে অক্ষম, উত্তরপত্র মূল্যায়নে ও সঠিক সময়ে নম্বর জমাদানে ব্যর্থ—তারা শিক্ষা বোর্ড বা সরকারি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে সংখ্যাগত দিক থেকে সর্বাধিক এগিয়ে। কেউ কেউ আবার স্ত্রী/স্বামী, সন্তান, শিক্ষার্থী বা অন্য কোনো নিকটজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করান, যা সম্পূর্ণ অন্যায়, অনৈতিক ও অযৌক্তিক। এতে শিক্ষার্থী অবিচারের শিকার হন, শিক্ষকের উপার্জন প্রশ্নবিদ্ধ হয় এবং যাকে দিয়ে মূল্যায়ন করানো হয়, তার মধ্যে পরীক্ষক ও পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে নিকৃষ্ট ধারণা বদ্ধমূল হয় এবং অপরাধ প্রবণতা তৈরি হয়। সর্বোপরি পরীক্ষকের একটি পুণ্যকর্ম পাপকর্মে পরিণত হয়।
পরীক্ষকদের অভিযোগ ও সমাধানের পথ
উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে নিযুক্ত পরীক্ষকরা প্রায়শই বলেন, তাদের যে পরিমাণ উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় এবং সেগুলো মূল্যায়নের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়, তা যৌক্তিক নয়। তাছাড়া এই গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল, শ্রমসাধ্য ও মেধাসাধ্য কাজের জন্য যে সম্মানি দেওয়া হয়, তা খুবই নগণ্য। তদুপরি কষ্ট করে উত্তরপত্র মূল্যায়ন করে সামান্য সম্মানি প্রাপ্তির জন্য যতদিন অপেক্ষা করতে হয়, তাও অত্যন্ত পীড়াদায়ক। এসব অভিযোগের সত্যতা অস্বীকার করার উপায় নেই। এগুলোর সুষ্ঠু সমাধান অত্যাবশ্যক। মনে রাখতে হবে, অসন্তুষ্টি নিয়ে সন্তোষজনক কাজ করার মানুষ খুবই কম। বাড়তি কাজের ন্যায্য পারিশ্রমিক বা সম্মানি না পেলে তিনি কাজ ভালোভাবে করার আগ্রহ হারান।
শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় তথা সরকারি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়, তার সঠিক বণ্টন হলে পরীক্ষকদের সম্মানি আরও বাড়ানো যেতে পারে। বেশির ভাগ অভিভাবক পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা কষ্টে সংগ্রহ করেন। প্রায়শই সংবাদ প্রকাশিত হয় যে ফরম পূরণের টাকা সংগ্রহ করতে না পারায় শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া হয়নি এবং সেখানেই তার শিক্ষাজীবন সমাপ্ত হয়েছে। হতদরিদ্র অভিভাবকদের কষ্টের টাকায় পরিচালিত সরকারি পরীক্ষার ব্যযের খাতগুলো পর্যালোচনা করা জরুরি। সব খাতে টাকা দেওয়া বা এত কম বা বেশি টাকা দেওয়া যৌক্তিক কিনা, তা ভেবে দেখা উচিত।
অর্থ বণ্টনে বৈষম্য দূরীকরণ
শতকরা প্রায় ৮০ ভাগ দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বা পরীক্ষার ফি বাবদ সারা দেশ থেকে আদায়কৃত টাকার সিংহভাগ যদি শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য, উপজেলা ও জেলা প্রশাসক, আইন প্রয়োগকারী সদস্য ও অন্যদের সন্তুষ্ট রাখার জন্য ব্যয় হয়, তাহলে যারা প্রত্যক্ষ বা প্রধানকর্মী—অর্থাৎ কক্ষ প্রত্যবেক্ষণে ও উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত শিক্ষক ও পরীক্ষক—তাদের সন্তোষজনক পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে কীভাবে? এক্ষেত্রে পারিশ্রমিক বণ্টনের ন্যায্যতা ও যৌক্তিকতা খতিয়ে দেখা উচিত এবং বৈষম্য নিরসন করে প্রত্যক্ষ কর্মে নিযুক্ত শিক্ষকদের উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা উচিত।
পরীক্ষক তৈরির ধারাবাহিক প্রক্রিয়া
পাবলিক পরীক্ষা তথা শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য যোগ্য, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল পরীক্ষক তৈরির একটি ধারাবাহিক প্রক্রিয়া থাকা আবশ্যক। পরীক্ষক হতে আগ্রহী শিক্ষকদের তালিকা তৈরি করা মানেই যথাযথ পরীক্ষক নির্বাচন করা নয়। ন্যূনতম যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা যাচাই করে সম্ভাব্য পরীক্ষকদের খসড়া তালিকা তৈরি করতে হবে। তাদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে শুধু সফলদের নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। চূড়ান্ত তালিকা থেকে প্রতি বছর নির্ধারিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষক নিয়োগ করতে হবে। অনুরূপভাবে প্রশিক্ষণে বেশি সফলতা অর্জনকারী বেশি অভিজ্ঞদের নিয়ে প্রধান পরীক্ষকদের চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে এবং প্রতি বছর নির্ধারিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রধান পরীক্ষক নিয়োগ করতে হবে।
বার্ষিক মূল্যায়ন ও আপডেট প্রশিক্ষণ
পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের কাজ প্রত্যেক বছর মূল্যায়ন করতে হবে এবং পরবর্তী বছরের তালিকা প্রস্তুত ও নিয়োগ প্রদানের ক্ষেত্রে এই মূল্যায়ন ফলাফল বিবেচনা করতে হবে। সবচেয়ে বড় কথা, প্রত্যেক বছর নিয়োগপ্রাপ্ত পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের আপডেট প্রশিক্ষণ দিয়ে কর্মে নিয়োজিত করতে হবে। এই প্রক্রিয়ায় মূল্যায়নে পিছিয়ে থাকা পরীক্ষক ও প্রধান পরীক্ষক ক্রমাগত তালিকা থেকে বাদ পড়বেন এবং যোগ্যতায়, অভিজ্ঞতায় ও প্রশিক্ষণে এগিয়ে থাকা শিক্ষকরা নতুন করে পরীক্ষক ও প্রধান পরীক্ষক হবেন। পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ উন্নত ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ উত্তম সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
সঠিক সম্মানি নিশ্চিতকরণ
সর্বোপরি মনে রাখতে হবে, সঠিক সময়ে সন্তোষজনক সম্মানি দেওয়া না হলে বেশি যোগ্য-দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকরা আগ্রহ নিয়ে পরীক্ষক হতে আসবেন না। বাধ্য করা হলেও সবাই পর্যাপ্ত সময় দিয়ে, গুরুত্ব দিয়ে, মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নেবেন না, উত্তরপত্র মূল্যায়ন করবেন না। ফলে শিক্ষার্থীদের শিক্ষামূল্যায়ন সঠিক হবে না। পরীক্ষার্থীরা প্রতিনিয়ত অবিচার ও বৈষম্যের শিকার হবে। যোগ্যতার তুলনায় ফলাফল খারাপ হলে উচ্চশিক্ষায় ভর্তিসহ অনেক সুযোগ থেকে বঞ্চিত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত পিছিয়ে পড়তে থাকবে। এমতাবস্থায় সময়মতো সন্তোষজনক সম্মানি দেওয়ার নিশ্চয়তা দিয়ে, নিরপেক্ষভাবে শিক্ষক বাছাই করে, প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে, পুল বা প্যানেল তৈরি করে, অধিক যোগ্য-দক্ষদের পরীক্ষক হিসেবে নিয়োগ দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করানোই অধিক যুক্তিযুক্ত।
লেখক: সাবেক অধ্যক্ষ এবং শিক্ষা বিষয়ক নিবন্ধকার



