ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা মিলিয়ে স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকছে, অন্যদিকে মাদ্রাসায় ছুটি পড়ছে ২১ দিন। শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।
স্কুল ও কলেজের ছুটি
ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে এবং শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। তবে ছুটি শুরুর আগের দুদিন (২২ ও ২৩ মে) এবং শেষের পরের দুদিন (৫ ও ৬ জুন) শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে স্কুলগুলো।
কলেজের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন অবকাশের কথা উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি রয়েছে। এখানেও ছুটির আগের দুদিন ও পরের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কলেজেও টানা ১৬ দিনের ছুটি কাটবে শিক্ষার্থীরা।
মাদ্রাসায় দীর্ঘ ছুটি
মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে (রোববার) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ১১ জুন। ছুটির আগের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসায় টানা ২১ দিনের ছুটি থাকছে।
সরকারি ছুটি
ঈদুল আজহা উপলক্ষে গত ৭ মে (বৃহস্পতিবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত হয়। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাবেন। তবে ২৩ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিন মিলিয়ে মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে সরকার আরও একদিন ছুটি বাড়িয়ে (২৫ মে) মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে।
ঈদুল আজহার তারিখ নির্ধারণ
ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)। তবে এটি পুরোপুরি নির্ভর করছে আগামী ১৮ মে বা ২৯ জিলকদ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।



