ক্যাম্পাস অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা
ক্যাম্পাস অধিকার আদায়ে মব করতে রাজি সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন, শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে প্রয়োজনে মব করতে রাজি আছেন। শুক্রবার (৮ মে) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে কী বলেছেন?

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, গতকাল সিন্ডিকেট মিটিংয়ে ডাকসুকে ব্যর্থ করার অপচেষ্টা নিয়ে অনেক কথা বলেছি। এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াই কিন্তু কাজ আটকে থাকে। আমরা ডাকসু থেকে এক টাকা বেতন পাই না, নিঃস্বার্থভাবে কাজ করছি স্রেফ শিক্ষার্থীদের জন্য।

তিনি আরও লেখেন, আমাদের এই আন্দোলনে স্বশরীরে উপস্থিত না থাকলেও হাজার হাজার শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষার্থীরা নানাভাবে দিনের পর দিন ভোগান্তির শিকার। ভিসি স্যার আমাদের যৌক্তিক দাবির আন্দোলনকে সরাসরি ‘মব’ বলে অভিহিত করেন। সেই প্রেক্ষিতে আমি বলেছি, ‘স্যার, শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যদি মব করতে হয় তাহলে আমরা রাজি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ

কারণ উল্লেখ করে তিনি লেখেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন কাজ আটকে রাখে, ডাকসু ফান্ড আনলেও কাজ আটকে দেয়। এদিকে আমাদের কিচ্ছু করার থাকে না। দিনশেষে শিক্ষার্থীদের থেকে কথা শুনতে হয় আমাদের, তারা তো আর ট্রেজারারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখেনি।

ডাকসুর এ নেতা লেখেন, আজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা আন্দোলনে নেমেছি। কারণ, প্রক্রিয়ার মধ্যে থেকে, সিস্টেম মেনে আমাদের অধিকার আদায় হচ্ছে না বরং সুপরিকল্পিতভাবে আমাদের অধিকার খর্ব করা হচ্ছে। শুধু আদর্শিক দ্বন্দ্বের কারণে ডাকসুকে ব্যর্থ করতে তারা পুরো চল্লিশ হাজার শিক্ষার্থীকে ভোগান্তিতে ফেলছে। তারপর, আমরা প্রতিবাদ করলে সেটা মব হয়ে যায়।

সর্বমিত্র চাকমা তার পোস্টে শিক্ষার্থীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ