শিক্ষার্থীদের বাংলা-ইংরেজি না পারলে শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের বাংলা-ইংরেজি না পারলে শিক্ষকের বেতন বন্ধ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে না পারে, পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ না শিখতে পারে, তাহলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে। চলতি বছরের জুলাই মাসের মধ্যেই এই দক্ষতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সচিবের নির্দেশনা

সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই লক্ষ্য নির্ধারণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তার নির্দেশনা পাওয়ার পর ইতিমধ্যে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি পাঠিয়েছেন।

দৈনিক পাঠদানের নির্দেশ

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের পাঁচ পৃষ্ঠা জোরে জোরে শব্দ করে পড়াতে হবে। পাশাপাশি গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর বিশেষ জোর দিতে বলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভার্চুয়াল বৈঠকের বিস্তারিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

লক্ষ্যমাত্রা নির্ধারণ

আগামী জুন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা ৯০ শতাংশ এবং জুলাই মাসে ১০০ শতাংশ অগ্রগতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের চিঠি

সচিবের নির্দেশনা মেনে ইতিমধ্যে কয়েকটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ লক্ষ্য অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি চিঠি সংবাদমাধ্যমের হাতে এসেছে। তাতে সচিবের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা গণিতের চার নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা ৯০ শতাংশ অর্জন করবে এবং জুলাই মাসের মধ্যে তা ১০০ শতাংশে উন্নীত করতে হবে।

শিক্ষকদের সতর্কবার্তা

শিক্ষকদের সতর্ক করে চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের (জুন-জুলাই) মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন এবং তা ১০ মের মধ্যে ছক আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

স্থানীয় কর্মকর্তার বক্তব্য

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন জানান, ‘আমরা আজই এ চিঠি দিয়েছি, চিঠিটি সঠিক। অন্যান্য জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও একই ধরনের নির্দেশনা দেবেন, কেউ কেউ ইতিমধ্যে দিয়েছেনও। এটি সচিব স্যারের নির্দেশ। আমাদের সঙ্গে দুই দফা ভার্চুয়াল বৈঠকে তিনি এ লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন।’

সচিবের প্রতিক্রিয়া

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা-ইংরেজি রিডিং শিক্ষার্থীরা যাতে ঠিকভাবে পড়তে পারে, তা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। এটি করতেই হবে, না হলে বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।’