জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৩ মে) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার ও তদন্ত কমিটি
উপাচার্য বলেন, ইনডোর গেমসের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং সদস্য সচিবকে শোকজ করা হয়েছে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, 'আমরা এ ধরনের কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। পাশাপাশি এটাকে ছোট হিসেবেও নেব না। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর আরেকজন শিক্ষার্থী সবার সামনে হাত তুলতে পারে না, এটি অবশ্যই অন্যায়। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।'
ঘটনার বিবরণ
গত বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষকদের উপস্থিতিতেই ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলী প্রকাশ্যে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারেন। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জর্জিস আনোয়ার নাঈম কোতোয়ালি থানায় জিডি করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত
ঘটনাটি ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দুই দফা আল্টিমেটাম দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, আইসিটি সেলের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



