মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। গত শনিবার বোর্ডের ওয়েবসাইটে এই রুটিন প্রকাশ করা হয়। রুটিনে পরীক্ষার্থীদের জন্য ১৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। আলিম পরীক্ষা ২ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে।
পরীক্ষার সময় ও মানবণ্টন
প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১টায় শেষ হবে। এমসিকিউ ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট এবং ২৫ নম্বরের জন্য ২৫ মিনিট সময় নির্ধারিত। সৃজনশীল বা রচনামূলক ৭০ নম্বরের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয়–সংবলিত পরীক্ষায় ২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় বরাদ্দ।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়–সংবলিত পরীক্ষায় ২৫ নম্বরের এমসিকিউ অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে চলবে; এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ
সকাল ১০টায় অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে—সকাল ৯.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ; সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ; সকাল ১০.৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় ১০.২৫ মিনিট এবং ৩০ নম্বরের ক্ষেত্রে ১০.৩০ মিনিট)।
প্রবেশপত্র সংগ্রহ
পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ মাদ্রাসাপ্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে ৭ দিন পূর্বে সংগ্রহ করবেন।
উত্তরপত্র পূরণ
প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত মূল উত্তরপত্র এবং এমসিকিউ-ওএমআর ফরমে তার রোলনম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করবে। মার্জিনের মধ্যে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পাস করার শর্ত
ব্যবহারিক–সংবলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন নিকটস্থ মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা হবে।
ক্যালকুলেটর ব্যবহার
পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ।
মোবাইল ফোন নিষেধাজ্ঞা
ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের জন্য সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) মুঠোফোন ব্যবহার করতে পারবেন।
স্বাক্ষরলিপি
তত্ত্বীয়, সৃজনশীল, বহুনির্বাচনী, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। স্বাক্ষরলিপি পরীক্ষার্থীর উপস্থিতির নির্ভরযোগ্য দলিল হিসেবে গণ্য হবে।
মুজাব্বিদ মাহির বিভাগের মৌখিক পরীক্ষা
মুজাব্বিদ মাহির বিভাগের কিরআতে তারতিল (বিষয় কোড-২৩৪) ও কিরআতে হাদর (বিষয় কোড-২৩৫)–এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণ
পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।



