ঢাকার উত্তরায় অবস্থিত এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরা শাখা তাদের প্রথম হিফজ সমাবর্তন সফলভাবে আয়োজন করেছে। ‘এভেরোজ হিফজ কনভোকেশন ও কিরাত প্রতিযোগিতা ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠান শনিবার (২৫ এপ্রিল) উত্তরায় অনুষ্ঠিত হয়।
হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা
অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করা চার শিক্ষার্থীকে বিশেষ হিফজ কনভোকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন—আকিফাহ আফসা (গ্রেড-৩), মোহাম্মদ শাফাকাত ইরফান (গ্রেড-৫), ফারজাদ তাজওয়ার জামান (গ্রেড-৭) এবং জায়ান আহমেদ তালুকদার শামস (গ্রেড-৪)। এই শিক্ষার্থীরা ইংলিশ মিডিয়ামে সাধারণ পড়াশোনার পাশাপাশি হিফজুল কুরআন সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমার নিজের মেয়েও কুরআনের হাফেজা। এই স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের ইসলামী স্কলার এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল-উত্তরা শাখার চিফ কনসালট্যান্ট শেখ সাঈদ আলী আল-গামদী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারি হাফেজ আব্দুল হক, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ ও ঈদগাহ খতিব ড. রফিকুল ইসলাম মাদানী, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ জাইনুল আবেদিন, সিটি ব্যাংক পিএলসির হেড অব ইসলামিক ব্যাংকিং আফজালুল ইসলাম এবং দেশের বিভিন্ন আলেম, শিক্ষাবিদ ও অতিথিরা।
স্কুল কর্তৃপক্ষের বক্তব্য
স্কুলের চেয়ারম্যান গোলাম মুস্তফা বলেন, ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআন শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষায়ও এগিয়ে যাবে। আজকের এই হিফজ কনভোকেশন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে—ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েও কুরআনের হাফেজ হওয়া সম্ভব।’
স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব স্কুল আনিসুর রহমান সোহাগ বলেন, ‘এই সফল আয়োজন আমাদের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পুরো এভেরোজ পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শিক্ষার্থীদের হিফজ ও একাডেমিক পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রেখে তাদের সফলতার জন্য কাজ করছি।’
চিফ কনসালট্যান্ট শেখ সাঈদ আলী আলগামদী বলেন, ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখা কুরআনিক শিক্ষা ও ইংরেজি মাধ্যম শিক্ষার যে সুন্দর সমন্বয় করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের স্কুল প্রত্যেক জেলায় প্রয়োজন। আমি এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হতে পেরে আল্লাহর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
প্রতিষ্ঠানের একাডেমিক অ্যাডভাইজার ফারহান আলিম বলেন, ‘আমাদের স্কুল একটি আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল, যেখানে ক্যাম্ব্রিজ কারিকুলামের পাশাপাশি শিক্ষার্থীদের কুরআন শিক্ষা, হিফজ ও আরবি ভাষা শিক্ষার অনন্য সমন্বয় করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো, আমাদের শিক্ষার্থীরা মদিনা বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করে দক্ষ মুসলিম নেতা হিসেবে নিজেদের গড়ে তুলবে।’
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবদুল বশির বলেন, ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখা একটি শিক্ষা পরিবার, যেখানে কুরআন, চরিত্র ও একাডেমিক উৎকর্ষকে সমান গুরুত্ব দেওয়া হয়। আজকের সফল আয়োজন আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও শক্তিশালী করবে। স্কুলের সমন্বিত পরিবেশ, শিক্ষক-অভিভাবক সহযোগিতা এবং শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত সাপোর্ট সিস্টেম এই অর্জনকে বাস্তবে রূপ দিয়েছে।’
ভাইস প্রিন্সিপাল কামরুল হাসান বলেন, ‘এই হিফজ কনভোকেশন আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন সম্মানের, তেমনি পুরো স্কুল পরিবারের জন্য অনুপ্রেরণার। নিয়ম-শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার মাধ্যমেই এমন অর্জন সম্ভব হয়েছে। আমরা শিক্ষার্থীদের প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করে তাদের হিফজ ও একাডেমিক উন্নয়নে সহায়তা করে থাকি।’
স্কুল সম্পর্কে
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখা উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত একটি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ইসলামী আদর্শে গড়ে তোলার পাশাপাশি ক্যাম্ব্রিজ কারিকুলামের মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষায় প্রস্তুত করছে। স্কুলটি বর্তমানে প্লে-গ্রুপ থেকে এ-লেভেল পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।



