লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধক্ষ্য অধ্যাপক মুহাম্মদ হানিফ মুরাদ। কোষাধক্ষ্যের পদ থেকে অব্যহতির শর্তে আগামী চার বছরের জন্য তাঁকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক মুহাম্মদ হানিফ মুরাদকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্বরত অধ্যাপক মোহাম্মদ হানিফ মুরাদকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিযুক্ত করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সার্বিক দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত থাকবে।
এই নিয়োগের মাধ্যমে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা যাচ্ছে। অধ্যাপক মুহাম্মদ হানিফ মুরাদ দীর্ঘদিন ধরে নোবিপ্রবির কোষাধক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা লাবিপ্রবির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



