মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় আবার বাড়িয়েছে। এই পর্যায়ে অনলাইনে জরিমানাসহ কার্যক্রম চলবে ৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। তথ্য এন্ট্রি করা যাবে ৩০ জুন পর্যন্ত।
গতকাল বুধবার (৩ জুন ২০২৬) মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধিভুক্ত সব মাদ্রাসাপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণির (পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ ও তথ্য ফরম পূরণের সময়সীমা বিশেষ বিবেচনায় বাড়ানো হলো।
অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। ফি জমার সময় ৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ ৩০ জুন পর্যন্ত। এখানে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। আগে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।
যোগাযোগের তথ্য
শুধু রেজিস্ট্রেশন ফি দেওয়া ও তথ্য এন্ট্রি–সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৫১-৬১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করতে হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই উদ্যোগে বাদ পড়া শিক্ষার্থীরা নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছে। সংশ্লিষ্ট মাদ্রাসাপ্রধান ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।



