ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সমন্বিত নীতি: প্রতিমন্ত্রী
ইংরেজি মাধ্যমের জন্য সমন্বিত নীতি: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বুধবার বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে।

একীভূত নীতির আওতায় ইংরেজি মাধ্যম

এ লক্ষ্যে দেশের সব ইংরেজি মাধ্যম স্কুলকে একটি অভিন্ন নীতির আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি। রাজধানীর ‘দ্য আগা খান একাডেমি ঢাকা’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার গুণগত মান, শিক্ষাদানে উৎকর্ষতা, শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষায় বৈষম্য দূরীকরণ

শিক্ষায় বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন বা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ব এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় ভালো ফল করার পেছনে ছুটবে না; বরং তারা স্বাধীনভাবে চিন্তা করতে, উদ্ভাবন করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিতে শিখবে।’

তিনি আরও বলেন, এই তরুণরা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাই ‘আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো তাদের বিশ্বমানের দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতায় গড়ে তোলা’।

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন

ববি হাজ্জাজ সেখানে ‘স্টুডেন্ট এক্সিবিশন’ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠানের আধুনিক শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাদান ও নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির প্রশংসা করে তিনি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় দ্য আগা খান একাডেমি ঢাকার শিক্ষক-শিক্ষার্থী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।