শিক্ষা ও গবেষণায় নিজেদের অগ্রগতি ও আন্তর্জাতিক অবস্থান তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি এবং আন্তর্জাতিক স্বীকৃতির বিভিন্ন সূচকে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে দেশের প্রাচীন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিং ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ৩০১-৩৫০ অবস্থানে স্থান পেয়েছে। ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৪০১-৫০০-এর মধ্যে।
গত ২৩ এপ্রিল প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশের ৯২৯টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে।
বিভিন্ন সূচকে অগ্রগতি
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, র্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত বছর সার্বিক স্কোর ছিল ৩১.৫ থেকে ৩৪.৩-এর মধ্যে। এবার তা বেড়ে ৩৮.৩ থেকে ৪০.১-এ উন্নীত হয়েছে। এছাড়া গবেষণা পরিবেশ সূচকে স্কোর ১২.০ থেকে বেড়ে ১৫.৭, গবেষণার মান সূচকে ৫৮.৮ থেকে বেড়ে ৭৪.৩ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচকে ২১.৪ থেকে বেড়ে ৩৩.২ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি, এসব অগ্রগতি তাদের গবেষণা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টির সাফল্য দৃশ্যমান হয়েছে।
টিএইচই ওয়ার্ল্ড ও কিউএস র্যাঙ্কিং
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়ে ৮০০-১০০০ অবস্থানের মধ্যে রয়েছে। একই সঙ্গে কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়া তৃতীয়বারের মতো বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৬৩৪তম স্থান লাভ করেছে।
কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬’-এ দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম, যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।
কিউএস বিষয়ভিত্তিক র্যাঙ্কিং
কিউএস বিষয়ভিত্তিক বিশ্ব র্যাঙ্কিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ স্থান পেয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টি ৪০১-৪৫০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১-৬০০, ইঞ্জিনিয়ারিং-ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ৫০১-৫৫০ এবং ইঞ্জিনিয়ারিং-মেকানিক্যাল, এরোনটিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বিভাগ ৫০১-৫৭৫ অবস্থানে রয়েছে।
সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪০১-৪৫০। এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ ২৫১-৩০০, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ ৪০১-৪৫০, ইকোনমিকস অ্যান্ড ইকোনোমেট্রিক্স ৩৫১-৪০০ এবং সমাজবিজ্ঞান বিভাগ ৩০১-৩৭৫ অবস্থানে রয়েছে।
লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে মেডিসিন বিভাগ ৬৫১-৭০০, ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি বিভাগ ৫৫১-৬০০ এবং আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৫৫০-এর মধ্যে।
আন্তঃবিভাগীয় ও গবেষণা সাফল্য
টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫২তম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি প্রথম স্থান লাভ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্কোপাস ডাটাবেজের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ ম্যাগাজিনের তথ্যমতে, বৈজ্ঞানিক গবেষণা নিবন্ধ প্রকাশের সংখ্যায়ও দেশের শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অবস্থান ছিল ১১২তম।
শীর্ষ বিজ্ঞানীর তালিকায় স্থান
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসাধারণ গবেষণাকর্মের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার।
উপাচার্যের বক্তব্য
বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতির জন্য শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “গবেষণার মান, গবেষণা পরিবেশ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচকে সার্বিক উন্নতি আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। আমরা বিশ্বাস করি, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিগগিরই বৈশ্বিক পরিমণ্ডলে আরও সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”
শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



