অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষায় অংশীদারত্ব জোরদারে আগ্রহ দুই দেশের
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষায় অংশীদারত্ব জোরদারে আগ্রহ

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারত্ব আরও জোরদার করতে দুই দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (১৩ মে ২০২৬) ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে সহায়তা করার লক্ষ্যে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারত্ব জোরদারের আগ্রহ প্রকাশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও সভায় ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল বিগত বছরগুলোতে বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নে ইউজিসি এবং অস্ট্রেলিয়া সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতামূলক কার্যক্রম সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে জানান। প্রতিনিধি দলের সদস্যরা জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে সহায়তা করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের শক্তিশালী ও ধারাবাহিক সম্পৃক্ততা রয়েছে। এ সম্পৃক্ততার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রখ্যাত শিক্ষাবিদদের অংশগ্রহণে একাধিক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ইউনিভার্সিটি অব নিউক্যাসলের প্রো ভাইস-চ্যান্সেলর ড. অ্যালেকের সঙ্গে বৈঠক আয়োজনসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর আয়োজনেও সহযোগিতা করা হয়েছে। উচ্চশিক্ষা খাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং কৌশলগত সম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্যে চলতি বছরের জুন মাসে ঢাকায় একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক আয়োজনের পরিকল্পনার বিষয়েও প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করে।

তারা জানান, প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে অস্ট্রেলিয়ার প্রথম সারির ৭ থেকে ৮টি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে তারা ইউজিসির সহযোগিতা কামনা করেন। এছাড়াও প্রতিনিধি দলের সদস্যরা চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্সে (এআইইসি) বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিদের নিয়ে অংশগ্রহণের জন্য ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ইউজিসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নিয়ে ইউজিসি কাজ করছে। এ লক্ষ্যে বিদ্যমান প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ অথবা নতুনভাবে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে ইউজিসির সক্রিয় পরিকল্পনা রয়েছে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা একটি উচ্চমূল্যের জ্ঞানভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ কেবল উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী প্রেরণকারী দেশ হিসেবে অবস্থান করতে চায় না; বরং বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। বৈঠকে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে শিক্ষাখাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কৌশলগত অংশীদারত্ব এবং উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।