আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করল
আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা দ্বিগুণ করেছে। শুক্রবার (১১ জুলাই) কায়রোর বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বৃত্তি সংখ্যা বৃদ্ধি

দূতাবাস জানায়, কায়রোর বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে ড. নাহলা সাইদি জানান, মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে।

শিক্ষা সহযোগিতা ও কৃতজ্ঞতা

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও একাডেমিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও ইতিবাচক অবদানের কথা তুলে ধরেন। তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষ থেকে গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ড. নাহলা সাইদির মাধ্যমে সেই বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

বৈঠকে ড. নাহলা সাইদি আল-আজহারের নবপ্রণীত নীতিমালা ও চলমান কার্যক্রম সম্পর্কে দূতাবাসকে অবহিত করেন। উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি ও একাডেমিক বিনিময় সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করে।

কূটনৈতিক সাফল্য

কূটনৈতিক মহলের মতে, রাষ্ট্রদূত সামিনা নাজের সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। আল-আজহারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা ও বৃত্তি বৃদ্ধি তাঁর দূরদর্শী কূটনৈতিক তৎপরতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দ্বিগুণ হওয়ার এ সিদ্ধান্তকে দুই দেশের শিক্ষা-সম্পর্ক ও পারস্পরিক আস্থার ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।