ঢাকার সাভারের একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেফতার প্রধান শিক্ষক
শনিবার দুপুরে সাভারের ভবানিপুর এলাকা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে (৩৬) গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে সাভারের কমলাপুরের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বর্ণনা
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, ওই মাদ্রাসার ছাত্রীনিবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশুনা করে মেয়েটি। বিভিন্ন সময়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুজ্জামান তার সঙ্গে অশোভন কথাবার্তা বলতেন এবং যৌন হয়রানি করতেন। শুক্রবার বিকাল ৪টার দিকে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর আচরণ করেন। পরে ওই বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাভার থানায় মামলা করেন।
পুলিশের বক্তব্য
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘ভুক্তভোগীর বাবা বাদী হয়ে যৌন হয়রানির অভিযোগে আজ সকালে মামলা দায়ের করেছেন। দুপুরের দিকে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।



