যবিপ্রবির হলে ফুড পয়জনিং, অন্তত ৭০ শিক্ষার্থী অসুস্থ
যবিপ্রবির হলে ফুড পয়জনিং, ৭০ শিক্ষার্থী অসুস্থ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হলের খাবার খেয়ে অন্তত ৭০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত বুধবার যবিপ্রবির বীর প্রতীক ‘তারামন বিবি’ ছাত্রী হলে রাতের খাবার খাওয়ার ‘ফুড পয়জনিংয়ের’ এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিনভর অসুস্থ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। পরে তাদের অনেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ডা. এম আর খান মেডিকেল সেন্টার খুললে বীর প্রতীক তারমন বিবি হল থেকে একের পর এক ছাত্রী এসে সেবা নিতে থাকেন। দুপুরের দিকে অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খান মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ও সহকারীরা। শিক্ষার্থীরা জানান, বুধবার রাতে দেড় শতাধিক শিক্ষার্থী হলের ডাইনিংয়ে খাবার খান। যারা শুধু ডাইনিংয়ের খাবার খেয়েছে তাদের মধ্য থেকে অন্তত ৭০ জন শিক্ষার্থী বমি, পাতলা পায়খানা, পেটব্যথাসহ ‘ফুড পয়জনিং’জনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হন। অনেকেই দাবি করেছেন, ডাইনিংয়ের ডাল থেকে এই ফুড পয়জনিং হতে পারে। কারণ যারা ডাল খেয়েছেন, বেশিরভাগ তারাই অসুস্থ হয়েছেন।

চিকিৎসকের বক্তব্য

যবিপ্রবির ড. এম আর খান মেডিক্যাল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিক হাসান বলেন, আমরা প্রায় অর্ধশত শিক্ষার্থী পেয়েছি, যাদের অসুস্থতার লক্ষণ প্রায় একই রকম। তারা বুধবার রাতে হলের ডাইনিংয়ে ভাত, মাংস, ভর্তা এবং ডাল খেয়েছিল। পয়জনিংটি সম্ভবত সেখান থেকে ছড়িয়েছে। সবাই পেটে ব্যথা, বমি এবং লুজ মোশনে আক্রান্ত। ডায়রিয়াজনিত কারণে অনেকের শরীরে ফ্লুইডের ঘাটতি দেখা যায়, যার কারণে তারা দ্রুত দুর্বল হয়ে পড়ে। আমাদের স্বল্প পরিসরে এবং স্বল্প উপাদানের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হল প্রভোস্টের প্রতিক্রিয়া

বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছা. আফরোজা খাতুন বলেন, ছাত্রীদের অসুস্থতার বিষয়ে জানতে পেরে সহকারী হল প্রভোস্টকে পাঠানো হয়। অসুস্থ ছাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে আমরা চেষ্টা করছি। এদিকে, অসুস্থ ছাত্রীদের মধ্যে বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে অন্তত ২০ জন ছাত্রী ভর্তি হন। বৃহস্পতিবার গভীররাতে তাদের দেখতে যান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর। তিনি শিক্ষার্থীদের অসুস্থতার খোঁজখবর নেন এবং ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য

যবিপ্রবির তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের খাবার খেয়ে ৬০-৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তারা যবিপ্রবির মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। ২০ জনের মতো শিক্ষার্থী পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। এদের অধিকাংশই এখন সুস্থ আছেন।