আজ রোববার (১২ জুলাই ২০২৬) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চট্টগ্রামসহ ৫ জেলা ছাড়া বাকি ৫৯ জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।
কোন কোন জেলায় পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম ছাড়া যে চার জেলায় পরীক্ষা স্থগিত থাকবে সেগুলো হলো রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান। এসব জেলা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন।
কোন বোর্ডের পরীক্ষা চলবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত) আওতাধীন সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত পরীক্ষার তালিকা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) ও ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।



