অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা একটি মামলায় তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তদন্ত প্রতিবেদন
সম্প্রতি ডিবির জমা দেওয়া এই প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার। বাদীপক্ষের আইনজীবী বলেন, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন।



