গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষা সফরে শিক্ষার্থীদের আনন্দমুখর দিন
গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার বার্ষিক শিক্ষা সফরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমবেত অংশগ্রহণে একটি আনন্দমুখর দিন অতিবাহিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক পরিকল্পনা অনুসারে ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল।
শিক্ষা সফরের প্রস্তুতি ও যাত্রা
শিক্ষার্থীরা সকাল ৬টায় অভিভাবকদের সঙ্গে করে বিদ্যালয়ে এসে উপস্থিত হয়। তাদের মধ্যে এতটাই উদ্দীপনা ছিল যে, অনেকেই নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় মাঠে এসে পৌঁছে যায়। সকাল ৬টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের বাসে ওঠানো হয় এবং নামের তালিকা অনুযায়ী উপস্থিতি নিশ্চিত করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর গলায় শিক্ষা সফর কার্ড পরিয়ে দেওয়া হয়। সকাল ৬টা ৫০ মিনিটে বাসটি রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৮টা ২০ মিনিটে বাসটি নিরাপদে গন্তব্যে পৌঁছালে সকাল ৯টায় নাশতা বিতরণ করা হয়।
সাফিনা পার্কে ঘোরাঘুরি ও শিক্ষামূলক অভিজ্ঞতা
নাশতা শেষে শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে ভাগ করে শিক্ষকদের তত্ত্বাবধানে ঘুরতে বের করা হয়। পার্কের ফুলের সমারোহ ও প্রকৃতি সবাইকে মনোমুগ্ধ করে। কৃত্রিম প্রাচীন মানব গুহা দেখে শিক্ষার্থীরা বিশেষভাবে আনন্দিত হয়। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোসা. আনিসা তাহসিন বলে, 'আমার খুব ভালো লাগছে শিক্ষা সফরে এসে। এখানে প্রাচীন মানব গুহা দেখলাম বইয়ে পড়েছিলাম যেমনটি।'
দুপুরের খাবার ও বিনোদনমূলক কর্মসূচি
কয়েক জন শিক্ষক ও দুজন বাবুর্চি মিলে দুপুরের খাবার রান্না করেন। খাবার গ্রহণের পর শিক্ষক ও শিক্ষার্থীরা কিছুক্ষণ জিরিয়ে নেয়। তারপর নেচে-গেয়ে পিকনিক স্পটে কিছু সময় কাটানো হয়। দশম শ্রেণির শিক্ষার্থী মো. রুমান হোসেন বলে, 'আমরা সবাই অনেক আনন্দিত শিক্ষা সফরে আসতে পেরে। একঘেয়েমি কাটিয়ে আমরা আবার লেখাপড়ায় ভালোভাবে মনোযোগী হতে পারব।'
কেনাকাটা ও বাড়ি ফেরা
শিক্ষার্থীরা তাদের পরিবারের ছোট সদস্যদের জন্য খেলনা ও খাবার কিনতে ব্যস্ত হয়ে পড়ে। প্রত্যেকের হাতে কেনাকাটার ব্যাগ আর মুখে হাসি নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নেয় সকলে। দিনভর আনন্দের পর বিকেল ৫টা ৩০ মিনিটে সকলকে নিয়ে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার উদ্দেশ্যে রওনা করা হয়। রাত ৭টা ২০ মিনিটে নিরাপদে বাসটি বিদ্যালয়ে এসে পৌঁছায় এবং প্রত্যেক শিক্ষার্থীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করে শিক্ষা সফর সফলভাবে সমাপ্ত হয়।
