মঙ্গল উল্কাপিণ্ডে প্রথমবার গার্নেট খনিজের সন্ধান
মঙ্গল উল্কাপিণ্ডে প্রথমবার গার্নেটের সন্ধান

মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস উন্মোচনে নতুন মাইলফলক স্পর্শ করলেন বিজ্ঞানীরা। পৃথিবীতে আছড়ে পড়া মঙ্গল গ্রহের একটি উল্কাপিণ্ডে প্রথমবারের মতো মূল্যবান খনিজ গার্নেটের সন্ধান পাওয়া গেছে। কানাডার রয়্যাল ওন্টারিও মিউজিয়ামে সংরক্ষিত এনডব্লিউএ ৮১৭১ নামের এই উল্কাপিণ্ডে অ্যান্ড্রাডাইট প্রজাতির গার্নেটের কণা শনাক্ত করেছেন গবেষকরা।

গার্নেটের উপস্থিতি ও বৈশিষ্ট্য

পৃথিবীতে সাধারণত তীব্র তাপ, উচ্চ চাপ বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গার্নেট তৈরি হয়। কিন্তু মঙ্গল গ্রহে এই খনিজের উপস্থিতি বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। উল্কাপিণ্ডে পাওয়া গার্নেটটি দেখতে হলদে-সবুজ বা জলপাই রঙের, যা অ্যান্ড্রাডাইট নামে পরিচিত। এটি আকারে অত্যন্ত ছোট—প্রায় ০.৮ বাই ০.৫ মিলিমিটার, একটি পোস্তদানার চেয়েও ক্ষুদ্র।

আবিষ্কারের পেছনের গল্প

কানাডার ব্রক ইউনিভার্সিটির বিজ্ঞানী তানিয়া কিজোভস্কি জানান, প্রথমে উল্কাপিণ্ডের এই অংশটিকে তারা পাইরোক্সিন নামের একটি সাধারণ খনিজ ভেবেছিলেন। কিন্তু রাসায়নিক গঠনের অদ্ভুততা দেখে আরও গভীর বিশ্লেষণের সিদ্ধান্ত নেন। পরবর্তী পরীক্ষাগুলো নিশ্চিত করে যে এটি আসলে অ্যান্ড্রাডাইট গার্নেট। কিজোভস্কি বলেন, 'এই আবিষ্কার মঙ্গল গ্রহে সম্ভাব্য ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্কাপিণ্ডের গঠন ও গুরুত্ব

এনডব্লিউএ ৮১৭১ একটি ব্যাসাল্টিক ব্রেসিয়া শিলা, যার গঠন কিছুটা ফ্রুটকেকের মতো। ব্যাসাল্ট অংশটি মূল মণ্ড হিসেবে কাজ করে এবং অন্যান্য খনিজগুলো ড্রাই ফ্রুটসের মতো মিশে থাকে। এই বিশেষ গঠন মঙ্গলের ভূত্বক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গার্নেটের উৎপত্তি তত্ত্ব

বিজ্ঞানীদের ধারণা, উল্কাপিণ্ডে থাকা গার্নেট ম্যাগমা থেকে তৈরি হতে পারে অথবা এটি কোনো রূপান্তরিত রূপ। কিজোভস্কি বলেন, 'পৃথিবীতে রূপান্তরিত শিলায় গার্নেট পাওয়া খুব সাধারণ। মঙ্গলে এই রূপান্তরের জন্য প্রয়োজনীয় তাপ ও চাপ তৈরি হতে পারে উল্কাপিণ্ডের আঘাতের ফলে বা ম্যাগমা ওঠার মাধ্যমে।'

বৈজ্ঞানিক প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের গ্রহবিজ্ঞানী জেমস ডার্লিং বলেন, 'এই অনুসন্ধান মঙ্গল গ্রহের ভূতত্ত্ব সম্পর্কে আমাদের ধারণায় একটি সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে। এটি আমাদের প্রতিবেশী গ্রহের বিবর্তন বোঝার জন্য একটি চমৎকার নতুন জানালা খুলে দিয়েছে।' গবেষণার বিস্তারিত তথ্য বিজ্ঞান সাময়িকী জিওকেমিকেল পারসপেক্টিভস লেটার্সে প্রকাশিত হয়েছে।